বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক একপর্যায়ে জনসভায় রূপ নিলে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ভোটের দিন ঠাকুরগাঁও-১ আসনের প্রতিটি নারী-পুরুষ ও কিশোর-কিশোরীর নাগরিক দায়িত্ব হবে নিজেদের ভোটের ফলাফল বুঝে নেওয়া। এ জন্য প্রয়োজন হলে ফলাফল ঘোষণা না দেওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। ফলাফল ঘোষণায় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হতে পারে উল্লেখ করে তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত বিলম্বই করা হোক না কেন, শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটের ফলাফল বুঝে নিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রতি জনগণের সমর্থন ও ভালোবাসা দেখে যারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, তাদের ব্যালটের মাধ্যমেই প্রতিহত করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বুঝতে পেরে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে। প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির বিজয় নিশ্চিত করতে ফলাফলে কারচুপি করলে ঠাকুরগাঁওয়ের জনগণ চুপ করে বসে থাকবে না। এ সময় তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো দল বা প্রার্থীর পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
নির্বাচিত হলে ঠাকুরগাঁও থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে জেলাকে নিরাপদ, বাসযোগ্য ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

উপস্থিত জনসাধারণের উদ্দেশে দেলাওয়ার হোসেন বলেন, তাঁরা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাসী। নির্বাচিত হলে দলীয়করণ ও সিন্ডিকেটের রাজনীতি করবেন না।
কৃষিনির্ভর ঠাকুরগাঁওয়ের প্রতিটি পরিবারের জন্য ন্যায্যমূল্যে এবং যথাসময়ে কৃষি উপকরণ, বীজ, সার ও কীটনাশক সরবরাহের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর দাবি, দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে কোনো সিন্ডিকেট থাকবে না, দলীয়করণ চলবে না। ফলে সার, বীজ ও কীটনাশকের সংকটও থাকবে না।
বেগুনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উপদেষ্টা মাওলানা ওয়াসিদ উদ্দিনের সভাপতিত্বে এবং বেগুনবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাইফি।
এ সময় বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
এনএইচ















