বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বিজেপির প্রধান মোদিকে একটি হাস্যকর চিঠি দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির মতো আওয়ামী লীগও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। তাই বিশাল ম্যান্ডেড পাওয়া এ দুটি দল দু’দেশের জনগনের স্বার্থে এক সাথে কাজ করতে চাই। এই চিঠি পত্রিকায় আসায় তিনি নিজেকে হাস্যকর ব্যক্তিতে পরিণত করেছেন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপি হত্যা, গুম, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিন এর আয়াজন করে।
মির্জা আলমগীর প্রধানমন্ত্রীর চিঠির সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ ৫ তারিখের নির্বাচনে ৫% মানুষ ভোট দেয়নি এই অবৈধ সরকারকে। যে নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে এবং দেশের ৯৫ ভাগেরও বেশি মানুষ ভোটকেন্দ্র যায়নি। সেখানে বিপুল ম্যান্ডেডের কথা বলে তিনি (শেখ হাসিনা) নিজেকে যেমন ছোট করেছেন, তেমনি বাংলাদেশকেও ছোট করেছেন।
তিনি বলেন, ৫জানুয়ারি নিবার্চনের পর গত ৩/৪ মাসে সারাদেশে ৩১০জন খুন, গুম অপহৃত হয়েছে। হত্যা, গুম  খুন এখন সারাদেশে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। তার চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এসব ঘটনার সাথে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িয়ে পড়েছে। তারা টাকার বিনিময়ে মানুষকে হত্যা করছে, গুম করছে অপহরণ করছে। এসব ঘটনা একটি সভ্য সমাজে পরিচালিত হতে পারে না।
র‌্যাবের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আমরা যখন র‌্যাব প্রতিষ্ঠা করেছিলাম তখন র‌্যাবকে ব্যবহার করা হয়েছে দেশে সন্ত্রাস ও জঙ্গী নির্মুলের কাজে। আমরা তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করিনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে র‌্যাবকে ব্যবহার করছে।
তিনি বলেন, যে র‌্যাব মানুষের নিরাপত্তা দেয়ার পরিবর্তে মানুষের জীবন হরণকারী বাহিনীতে পরিণত হয় সেই র‌্যাবের এখন আর প্রয়োজন নেই বলে মনে করে বিএনপি। এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া র‌্যাব বিলুপ্তের কথা বলেছেন।
এই দলটির হাতে অতিতেও গনতন্ত্র হত্যা হয়েছিলো এখনো তাদের হাতেই গণতন্ত্র হত্যা বা নিহত হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তারা দেশকে ক্রমশ তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে।
আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের চেয়ে খারাপ অবস্থায় চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, তারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে সর্ম্পূণ অনৈতিকভাবে ক্ষমতায় জগদ্দল পাথর হয়ে চেপে বসেছে।
ফখরুল আরো বলেন, অত্যাচার নিপীড়ন চালিয়ে দেশপ্রেমিক ও জাতীয়তাবদী শক্তিকে স্তব্ধ করা যাবে না। বরং যত অত্যাচার নিপীড়ন চালাবে ততই তারা শক্তিশালী হবে। তাই যুবদলকে ভ্যানগার্ড হিসেবে এগিয়ে আসতে হবে। যুবদলকে ঘুড়ে দাড়াতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]