‘ বিশিষ্টজনদের হত্যার হুমকী দাতা জামায়াত কর্মী গ্রেফতার’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
এধরণের খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে আগামীতে এ ধরনের ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠ গণমাধ্যমের প্রতি আহবান জানানাে হয়েছে ।
বিবৃতিতে মহানগরী আমীর বলেন, সবকিছুতেই জামায়াত-শিবিরকে জড়িত করা মহল বিশেষের মুখস্ত বিদ্যায় পরিণত হয়েছে।
এছাড়াও বর্তমান সরকার নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতা ঢাকতেই সকল কিছুর দায়ভার জামায়াত-শিবিরসহ বিরোধী দলের চাপাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের সাথে পাল্লা দিয়ে বিশেষ মহলও এ ধরনের অপপ্রচার চালাতে অভ্যস্ত হয়ে ওঠেছে। তারা সত্য-মিথ্যা বাছ-বিচার না করেই দেশে সংঘঠিত সকল অপকর্মের দায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষের উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল ও ক্ষমতাসীনদের তোষণ করে চলেছে। যা কারো কাম্য নয়।
তিনি বলেন, জামায়াত-শিবিরের উপর অপপ্রচারের ধারাবাহিকতায় ২৫ নভেম্বর দৈনিক সমকাল, বিডিনিউজ২৪ডটকম ও কয়েকটি টিভি চ্যানেলসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘ বিশিষ্টজনদের হত্যার হুমকী দাতা জামায়াত কর্মী গ্রেফতার’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খবরটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দশ্যপ্রণোদিত। গ্রেফতারকৃত আব্দুল হকের সাথে জামায়াত-শিবিরের দুরতম সম্পর্ক নেই বা তেজগাঁও শিল্পঞ্চল এলাকায় এই নামে জামায়াত-শিবিরের কর্মী তো দুরের কথা কোন সমর্থকও নেই। সমকালে মহানগর গোয়েন্দা পুলিশের বরাত দেয়া হলেও মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেসব্রিফিং এ গ্রেফতারকৃতকে জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, জামায়াত একটি আদর্শিক, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক, শান্তিপ্রিয় ও গণমানুষের জন্য কল্যাণকামী সংগঠন। জনগণের প্রত্যক্ষ মহামতের ভিত্তিতেই জামায়াত এদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই জামায়াত নেতাকর্মীদের যেকোন বেআইনে কাজে অংশ গ্রহণ, সন্ত্রাস, নাশকতা, হত্যা, হত্যার হুমকী মহল বিশেষের ইসলাম বিদ্বেষ ও উর্বর মস্তিস্কের কল্পনা ছাড়া কিছু নয়।
এমএইচ





