আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলন জমাতে না পেরে ও নির্বাচনে না যাওয়ার ব্যর্থতার দায় জনগণের ওপর চাপাচ্ছেন।
রবিবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেত্রীকে আহ্বান জানিয়ে হানিফ বলেন, দয়া করে জনগণের ওপর দায় চপাবেন না। তাহলে আপনাকে নিয়ে জনগণ একাদশ নির্বাচনে ভাবতে পারে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের পর দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন বিএনপি নেত্রী দেশে আবার অশান্তি বিরাজ করার চেষ্টা করছেন। তিনি আন্দোলনের হুমকি দিচ্ছেন। কিন্তু গত এক বছরে তিনি (খালেদা) আন্দোলনের নামে মানুষ হত্যা, বাসে আগুন, নৈরাজ্য ছাড়া আর কিছুই করতে পারেননি। দেশের মানুষ শান্তিতে থাকুক তিনি তা চান না।
তিনি আরও বলেন, গত এক বছরে দেশে এমন কোনো নৈরাজ্য নেই, যা বিএনপি-জামায়াত করেনি। তাদের এই নৈরাজ্যের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধাপরাধীদের বাঁচানো ও তাদের দলের দুর্নীতিবাজ নেতাদের মুক্তি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অভিনেতা ড. এনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]