সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় ঘাতকরা জিয়ার সাথে কথা বলে ছিলেন। জিয়াই ছিল বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারী। ষড়যন্ত্রের অংশ হিসেবে বাকশালেও নাম লিখিয়েছিলেন।
বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত 'বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টার মাইন্ড এর মূখোশ জাতীর সামনে উম্মোচন করুন' র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিলেন। পরবর্তীতে তাদের বিভিন্ন দুতাবাসে উচ্চপদে চাকরির ব্যবস্থা করেন জিয়া।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার সাথে দেশী-বিদেশী স্বার্থন্বেশী মহল জড়িত, তাদের এই চক্রান্ত শুরু হয়েছিল ৬দফা ঘোষণার পর থেকেই। এই হত্যার সাথে কয়েকজন মেজর বা আত্মস্বীকৃত সৈনিক শুধু জড়িত নয়, এসবের মূল হোতা ছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, জিয়া ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন।তার বীরত্বপূর্ণ কোন ঘটনার বিবরণ পাওয়া যায় না। কারণ সে বীরত্বপূর্ণ কোন ভূমিকা রাখেননি, তিনি কার্যালয়ে থেকেই তার কার্যক্রম পরিচালনা করেছিলেন।
এই বাংলায় আরো বহু আন্দোলন হয়েছে, যদি রাজনৈতিক ক্ষমতা লাভের উদ্দেশ্য থাকে, তাহলে প্রধান নেতাকে হত্যা করা হয়, কিন্তু জিয়া শুধু রাজনৈতিক প্রধানকেই হত্যা করেননি, পুরো পরিবারকে হত্যা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি আরিফুজ্জামান আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, সালাহ উদ্দিন বাদল, ড. ইনামুল হক প্রমূখ।
এমএ/এমকে





