বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগে জঙ্গীবাদ ছাড়ুন, তার পর আলোচনা।
বুধবার বিকেলে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা নুরুল ইসলাম ডালু’র স্মরণ সভায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে দেশ জঙ্গীবাদ মুক্ত হোক, যুদ্ধাপরাধীদের বিচার ও জামাত-শিবির নিমূর্ল হোক, গণতন্ত্র বিপদ মুক্ত হোক তারপর নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে এক হাজার বার আলোচনা করবো।’
জাসদ সভাপতি বলেন, ‘বার বার বিএনপি নেত্রীকে জঙ্গীবাদ, মৌলবাদ, জামাত-শিবিরের সঙ্গ ত্যাগ করার জন্য অনুরোধ করলেও তিনি তার অবস্থান থেকে একটুও সরেননি, একটুও বদলাননি। খালেদা জিয়া জঙ্গী-জামাত-শিবিরকে নিয়ে বর্তমান সরকারকে লাইনচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বৈধ নির্বাচিত সরকারকে অবৈধ বলে উসকানি দিয়ে দেশে অরাজকতা-নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন।
ইনু বলেন, আওয়ামীলীগকে দোষারোপ করে জঙ্গী সম্পর্কে খালেদা জিয়া রাজবাড়ীতে যে বক্তব্য দিয়েছেন তাতে আরেকবার প্রমানিত হল তিনি জঙ্গীদের আড়াল করে জঙ্গী কার্যক্রম উসকে দিচ্ছেন এবং তিনি চক্রান্ত ষড়যন্ত্রকারীদের পক্ষে।’
স্মরণ সভায় জাসদ সভাপতি প্রয়াত নুরুল ইসলাম ডালুকে একজন নিঃস্বার্থ, নির্লোভ ও আদর্শবাদী জাসদ নেতা হিসেবে উলে¬খ করে তথ্যমন্ত্রী বলেন, ৫০ বছর ধরে মানুষের কল্যাণ ও মুক্তির জন্যে সে লড়াই করেছে। সমাজতন্ত্র ও শোষণমুক্তির লড়াইয়ে আদর্শচ্যুত হয়নি। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শের পথে থেকে তিনি রাজনৈতিক সংগ্রামে যুক্ত ছিল। তার জীবন থেকে অনেক শিক্ষণীয় আছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
জাসদ ঢাকা মহানগর সমস্বয় কমিটির সভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, জাসদ এর যুগ্ন সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান শওকত, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, নাইমুল আহসান জুয়েল, মহানগর জাসদ নেতা শহিদুল ইসলাম, শফিউদ্দিন মোল্লা ও নুরুল ইসলাম ডালু’র স্ত্রী জাসদ নেত্রী নুরতাজ বেগম।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]