মা বেটার হঠকারী সিদ্ধান্তে বিএনপির নেতাকর্মীরা আগুনে পুড়ে অনল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ (স্বাচিপ) আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

কামরুল বলেন, অবরোধ কর্মসূচিতে তাদের নেতাকর্মীকে মাঠে পাওয়া যায় না। তারা কিছু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বাসে আগুন দেওয়াসহ সকল প্রকার নাশকতা পরিচালনা করছে।

তিনি আরো বলেন, ১৬ তারিখ বা ১৮ তারিখে আপনারা যে সমাবেশ করতে চাচ্ছেন আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি সেখানে তাবলীগ জামাতের বেশ ধরে আপনাদের নেতাকর্মীরা ঢাকায় আসবে । আমি স্পষ্ট বলতে চাই কোনো অসৎ পরিকল্পনায় আপনারা যদি সমাবেশ করতে চান তাহলে সেই সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

তিনি বলেন, আপনাদের অসৎ পরিকল্পনা ত্যাগ করুন। অবশ্যই সমাবেশের অনুমতি পাবেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাছিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তাজুল ইসলাম এমপি, ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ প্রমুখ ।

জেআই