বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজ বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে ইউরোপিয় পার্লামেন্টের (ইউপি) বাণিজ্য সংসদীয় দল।
ইউরোপিয় পার্লামেন্টের সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন ব্র্যান্ড লিনজ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে সোয়া একঘণ্টার এই বৈঠক হয়।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ইউরোপিয় দেশসমূহের সাথে বাণিজ্যে প্রসার, বাংলাদেশের নির্বাচন কমিশন, মানবাধিকার পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউরোপিয় পার্লামেন্টের ট্রেড কমিটি দেখতে চান, বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার রক্ষা হউক। একই সাথে তারা চান, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন হউক।
তিনি বলেন, আমরা প্রতিনিধি দলটিকে দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি অবহিত করেছি। এই পরিস্থিতিতে বাংলাদেশে তাদের সাথে বানিজ্যে সম্প্রসারণ কতটুক টেকসই হবে- তাও আমরা ব্যাখ্যা করে বলেছি।
মির্জা ফখরুল বলেন, ইউরোপিয় পার্লামেন্টের আন্তর্জাতিক ট্রেড কমিটির এই প্রতিনিধি দলটি বিশ্বাস করে, যেসব দেশের সাথে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর বাণিজ্য সম্পর্ক থাকবে, সেসব দেশে যেন গণতন্ত্র চর্চা হয়, আইনের শাসন থাকে, মানবাধিকার রক্ষা করা হয়। বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়।
ইউপির ছয় সদস্যের প্রতিনিধি দলের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াদনও ছিলেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এমবি





