বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। দেশে আইনের শাসন, নযায়বিচার, মানবাধিকার, জনগণের ভোটাধিকার ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।”
“২০০১ -২০০৬ মেয়াদে তিনি ৪ দলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালে স্বচ্ছতা, সততা ও দক্ষতার সাথে একজন দুর্নীতি মুক্ত মন্ত্রী হিসেবে তিনি তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে নজির স্থাপন করেন।”
ডা. শফিকুর রহমান বলেন, “সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জনাব মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য দেওয়ায়ে তাকে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হয়।”
তিনি বলেন, “২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। অন্যায়ভাবে তাকে ফাঁসি দিয়ে তার উপর চরম জুলুম করা হয়েছে। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেবৃবৃন্দের রক্তের বিনিময়ে একদিন এ দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
জামায়াতে ইসলামীর আমির বলেন, “মহান রাব্বুল আলামীন জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের শাহাদাত কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তার অসমাপ্ত কাজ আঞ্জাম দেয়ার জন্য আমি জামায়াতের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





