দমননীতি আর বিচারবহির্ভূত হত্যাকান্ডের মাধ্যমে সরকার পুরো দেশটাকে একটা কারাগারে পরিনত করেছে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের নেতারা। আজ (সোমবার) সকালে যাদু মিয়া মিলনায়তনে ‘সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর দমন-নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকামহানগরীর প্রতিবাদ সভায় বক্তারা এ মন্তব্য করেন।
ন্যাপ নেতৃবৃন্দ বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর সারা দেশে সরকার যৌথ অভিযানের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করছে এবং বিচারবহির্ভূতভাবে তাদেরকে হত্যা করছে। এ ধরণের হত্যাযজ্ঞ সভ্যতা ও গণতন্ত্রের জন্য অশুভ ইংগিত বহন করে।
বক্তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করারও দাবি জানান।
ন্যাপের নগর সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব এম.এম. আমিনুর রহমান, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সাধারণ সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু, সহ-সভাপতি মতিয়ারা চৌধুরী মিনু, সম্পাদক মোঃ শামিম ভুইয়া, প্রিন্সিপাল আবদুল খালেক, সম্পাদক প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মেহেদী হাসান সোহেল, আমিনা খাতুন মনি, জিল্লুর রহমান পলাশ, ছাত্রনেতা এম.এন. শাওন সাদেকী, সোলায়মান সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, বিরোধী দলকে নির্মূলে ক্রসফায়ারের সাজানো নাটক করে এভাবে মানুষ হত্যা চরতে থাকলে কোন মানুষেরই নিরাপত্তা থাকতে পারে না।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]