আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করতে চেয়েছিল। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে ও বিএনপির প্রতিক্রিয়া তা প্রমাণ করে বলে অভিযোগ করেন।

আজ (সোমবার) ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আমাদের স্বাধীনতা ও বর্তমান বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর গতকালের বক্তব্যই প্রমাণ করে তারা প্রধান বিচারপতিকে নিয়ে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল। সুতরাং যারা ষড়যন্ত্র করতে চেয়েছিল তাদের বিচার হওয়া প্রয়োজন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত (বিচারক) পরিবর্তন আবেদন খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোটের আপিল বিভাগকে ধন্যবাদ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার চলবে। যেখানে মন্ত্রীরা আবেদন করে আদালতে সময় পায় না, সেখানে খালেদা জিয়া ১৫০ বার সময় পেয়েছে। তাকে যথেষ্ট সম্মান বাংলাদেশের আদালত করেছে।

বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইউনেস্কো ইতিহাস বিকৃতিকারীদের গালে চপেটাঘাত করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা ইতিহাসের খলনায়ককে মাহনায়ক করতে চেয়েছিলেন। তাদের গালে চপেটাঘাত করেছে ইউনেস্কো।

জিয়াউর রহমান কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেননি উল্লেখ করে তিনি আরো বলেন, জিয়া বেঁচে থাকতে কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি। কিন্তু জিয়া মারা যাওয়ার পর তার দল যারা করছে তারা তাকে স্বাধীনতার ঘোষক বানাতে চাইছে। বাংলাদেশের মানুষ জিয়া নামের মানুষটিকে চিনত না।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মিনহাজ উদ্দিন মিন্টু, জি এম আতিকুর রহমানসহ প্রমুখ।

এএস