আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে শ্রমিকদের বেতন, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি পড়ে, শরীরের রক্ত ঝরে, কলকারখানা বন্ধ হয় ও শ্রমিকরা বেকার হয়। শ্রমিকদের সতর্ক থাকতে হবে।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান 'মে দিবস' উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় এসে আরেকটি হাওয়া ভবন গড়ে তোলার স্বপ্ন দেখছে বিএনপি।’

ড্রাইভারদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ড্রাইভাররা তখনই বেপরোয়া হয়ে দুর্ঘটনা ঘটান, যখন তারা আট ঘণ্টার বেশি ড্রাইভিং করেন। তারা অতিরিক্ত সময় কাজ করে শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ সময় মালিকদেরকে ৮ঘন্টার বেশি শ্রমিকদের কাজে না লাগাতে আহ্বান করেন।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, দেশে শিশু শ্রম নিষিদ্ধ, এটা বন্ধ করা যেন আজকের দিনের শপথ হয় আমাদের। ‘শ্রমিক নেতাদের নামে চাঁদাবাজি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। যদিও শ্রমিক লীগের নামে চাঁদাবাজীর ঘটনা শোনা যায় না। তবে বিচ্ছিন্নভাবে চাঁদাবাজির ঘটনা ঘটলে তা খেয়াল রাখতে হবে এবং নেতাদের সংশোধন হতে হবে।’

সমাবেশের আগে শ্রমিকদের একটি র‌্যালি বের হয়ে গুলিস্তান, জিপিও মোড়, হাইকোর্ট চত্তর ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ সমাবেশে সভাপতিত্ব করেন।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার‌্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

জারিফ