বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ইউপি নির্বাচনের তৃতীয় ধাপেও ক্ষমতাসীন দল ভোট ডাকাতি ও ব্যাপক ‘তাণ্ডব’চালিয়েছে।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের সহিংসতা রোধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার যে নির্দেশ দিয়েছেন, তা দেশবাসীর কাছে রসিকতা বলে মনে হয়েছে।

রিজভী আহমেদ বলেন, আওয়ামী প্রার্থীরা গত রাত থেকেই ব্যালট বাক্স ভরে রেখেছে। শনিবার সকাল থেকেই বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। তারা সব এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। আইনশৃংখলা বাহিনী কোন পদক্ষেপ না নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

ওএফ