আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের অনেক অর্জন আছে। তবু অনেক অর্জন বাকি রয়েছে।

দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সোমবার সকাল পৌনে ৮টায় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যার অতীত সুখ্যাতি রয়েছে। যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

আগামী প্রজন্ম আওয়ামী লীগকে আরও এগিয়ে নিয়ে যাবে মন্তব্য করেমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে আরও এগিয়ে যাবে।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সংসদ সদস্য শেখ সেলিম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, ড. হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, যু্বলীগ চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী অনেকে।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ