বিশেষজ্ঞদের মতকে উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধি দুর্বিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেছে জামায়াত। সোমবার পৃথক পৃথক বিবৃতিতে জামায়াতের মহানগরী উত্তর ও দক্ষিণের আমির সরকার কতৃক গ্যাসের দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়ে এ বক্তব্য দেন। একই সাথে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে নগরবাসির প্রতি আহ্বান জানান।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সরকার গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছিলেন। বিশেষজ্ঞগণ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন নেই বলে মতামত দিলেও এতে সরকার কর্নপাত করেননি। এমনকি এ নিয়ে গণশুনানিও হয়েছে। সেখানেও মূল্য বৃদ্ধির বিষয় নাকছ করা হয়েছে।

তিনি বলেন, এরপরও জনমতকে উপেক্ষা করে দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এতে বস্তিবাসি থেকে দালান-কোঠার অধিবাসি পর্যন্ত ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

বুলবুল বলেন, ‘পেট্রোবাংলা গত অর্থবছরে ৩ হাজার ২০০ কোটি টাকা মুনাফা করেছে। তা সত্তেও সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থের কথা তোয়াক্কা না করেই নিয়েছেন। এতে দেশের অর্থনীতি ও মানুষের উপর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে।’

নিজেদের অপকর্মের বোঝা জনগণের ওপর চাপাতে সরকার দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধি করছে যা অগণতান্ত্রিক, অযৌক্তিক এবং গণবিরোধী বলেও অভিযোগ করেছেন জামায়াতের এই নেতা।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা জনজীবনে শান্তি-শৃঙ্খলা ও স্বস্তি ফিরিয়ে আনার পরিবর্তে ক্রমেই গণদুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। একের পর এক সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারের গণবিরোধীতার ধারাবাহিকতায় আগামী ১ মার্চ ও ১ জুন দু’দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা নতুন করে গণদুর্ভোগ সৃষ্টি করবে এবং দ্রব্যমূল্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে।

তিনি বলেন, সরকারের এ অন্যায় সিদ্ধান্তে জাতীয় অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে। মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অসহনীয় পর্যায়ে পৌঁছবে।

সেলিম বলেন, মূলত সরকার জনগণের কথা না ভেবে দুর্নীতি ও লুটপাটকে নির্বিঘ্ন করতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের করতে সরকারের প্রতি জোর দাবি জানান এবং সরকারকে দাবি মানতে বাধ্য করতে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি জামায়াতের কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সকল পর্যায়ের নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহবান জানান।