গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ দলীয় জোটের ব্যানারে বরিশালে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের (টাউন হল) সামনে থেকে জোটের মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল জেলা ২০ দলীয় জোটের সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চান, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদসহ ২০ দলীয় জোটের নেতারা।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ