দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের চলমান সংকট নিরসন ও বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৈঠকে কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার মুক্তি ও সুচিকিৎসা, বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয়, ডেঙ্গু ও রোহিঙ্গা ইস্যুসহ দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনা হবে।
এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী কাউন্সিল ও বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠন নিয়েও আলোচনা হবে।
লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে মির্জা ফখরুলের।
এএস





