আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন।
বিএনপি প্রতিষ্ঠার আগে ‘জাগদল’ নামে আরেকটি দল গঠনের চেষ্টা করেছিলেন তিনি। বিএনপি গঠিত হলে জাগদল বিলুপ্ত হয়ে যায়। প্রতিষ্ঠার পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে দলটি বেশ কয়েকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে।
এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ জন্য বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে তারা।
কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকেলে আলোচনা সভা।
বিএনপির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন জানান, প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে সকাল ৬টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
তিনি জানান, সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পন করবেন।
সমাধিস্থলে পবিত্র ফাতেহা পাঠের আয়োজন করবে ওলামা দল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওইদিন বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
এতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ এবং ঢাকাসহ দেশব্যাপী পোস্টার প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী বিএনপির সব ইউনিটে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বরণের পর তার সহধর্মিণী খালেদা জিয়া দলের হাল ধরেন। পরে তার নেতৃত্বে বিএনপি তিন দফা ক্ষমতায় আসে।
বর্তমানে তিনি দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান।
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন। এতে তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা পূণঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।
বিএনপি চেয়ারপারসন বলেন, জনগণের কাছ থেকে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া মৌলিক-মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন এখন জরুরি। জনগণের ‘আকাক্সক্ষা অনুযায়ী’ সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেত্রী।
এমকে





