জমিয়তে উলামায়ে ইসলাম ও বেফাকের সহ-সভাপতি মাওলানা মোস্তফা আজাদ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
আজ (শুক্রবার) দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।
শোক বার্তায় মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া মরহুম মাওলানা মোস্তফা আজাদের ইসলাম প্রচার ও বাংলাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
ভূঁইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করুন।
মরহুম মাওলানা মোস্তফা আজাদ আজ (শুক্রবার) সকালে বার্ধক্য জনিত কারনে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মাওলানা আজাদ কর্মজীবনে রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার মোহতামিম ছিলেন। তিনি বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ছিলেন। এবং কওমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন বেফাকের সহ-সভাপতি ছিলেন।
মরহুম মাওলানা মোস্তফা আজাদের জানাজার নামাজ আজ (শুক্রবার) বাদ মাগরিব আরজাবাদ মাদরাসা সংলগ্ন ৯ নং ওয়ার্ড গোলারটেক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া’সহ ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের বিপুল সংখ্যক জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত হয়।
এমবি





