ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির স্মরণে প্রার্থনায় অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
তিনি বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমদ এই খবর নিশ্চিত করেছেন। ফরিদ আহমদ নিজেও কাদের সিদ্দিকীর দিল্লি সফরের সঙ্গী।
ফরিদ আহমদ জানিয়েছেন, ২৮ আগস্ট ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জির স্মরণে প্রার্থনায় অংশ নিতে তারা দিল্লি যাচ্ছেন।
তিনি আরও জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকী প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন। প্রতিরোধ যুদ্ধের সময় থেকে ভারতে নির্বাসিত জীবন কাটান বঙ্গবীর।
পরে ১৯৭৮ সালে শুভ্রা মুখার্জির সঙ্গে পরিচয় হয় কাদের সিদ্দিকীর। সেই থেকে কাদের সিদ্দিকীকে ছোটভাইয়ের মতো স্নেহ করতেন প্রয়াত শুভ্রা মুখার্জি।
বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি অসুস্থতাজনিত কারণে দিল্লির একটি হাসপাতালে ১৮ আগস্ট মারা যান।
এমকে





