আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে দেশ ৫০ বছর পিছিয়ে পড়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও দক্ষ হাতে দেশের হাল ধরায় সে পিছিয়ে পড়া অনেকটাই এখন কেটে গেছে। তিনি এদেশের জন্য আশীর্বাদ স্বরুপ এসেছেন। অথচ তার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত চলছেই। কিন্তু কোনো চক্রান্তেই শেখ হাসিনা ভয় পাননা। কারণ তিনি বাপের বেটি, বড়জোড় ভাঙবেন কিন্তু মচকাবেন না।’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
পশ্চিমাদের সমালোচনা করে শেখ সেলিম বলেন. ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ পশ্চিমা অনেক নেতাই বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতন্ত্র নেই বলে মন্তব্য করেন। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যে বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন করে নির্মমভাবে আক্রমন করেন, সেটার জবাব আগে দিন। আপনাদের গণতন্ত্র ও মানবাধিকারের বুলি ওপারে দেখাবেন, আমাদের এখানে কোনো বিষয় নাক গলাবেন না। তবে তা বরদাশত করা হবে না।’
বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে মোসাদ কর্মকর্তার বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন মুসলিম জাহানের ইজ্জত নষ্ট করে ক্ষমতায় যেতে চান। চক্রান্তকারী যেই হোক না কেনো সবার বিচার এই বাংলার মাটিতে হবেই। কাউকে ছাড় দেওয়া হবে না।’
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর/এমআইএস





