বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ উপলক্ষে ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় এসব কর্মসূচি গৃহীত হয়। সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কর্মসূচির ব্যাপারে অবহিত করেন। যৌথ সভায় বিএনপি এবং অঙ্গ ও সহাযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, গণতন্ত্র মুক্তিদিবস উপলক্ষে আগামী ৫ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে যাবেন, শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এদিন সারাদেশে বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনা সভা করা হবে। ১৬ ডিসেম্বর ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, এরপর সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারাদেশে বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে ছাত্রদলের বিরাজমান সমস্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের জানান, ছাত্রদলে বর্তমান কমিটি ছাড়া আলাদা কোনো অংশ নেই।

এর আগে সকাল সাড়ে ১১টায় দলের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী ও অঙ্গও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা করেন মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মো. শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, মৎসজীবি দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

এমএইচ