বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া নতুন দিন ধার্য করেন।

আজ (২৯ সেপ্টেম্বর)এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় ও অবরোধের জন্য অধিকাংশ আসামি আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময় আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

কেএইচ