বর্তমান সরকার ভারতের স্বার্থে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ভারতের দালালদের প্রত্যাখ্যান করতে হবে এবং যারা দেশের স্বার্থে কাজ করে তাদের গ্রহণ করতে হবে।

রোববার দুপরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ স্মরণে ও ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে হান্নান শাহ বলেন, নিজের ঘরে ইহুদি রেখে অন্যের ঘরে ইহুদি খোঁজার চেষ্টা করবেন না। আপনার (শেখ হাসিনা) পুত্রবধূ তো ইহুদি। তবে কি আমরা বলবো, ইসরায়েলের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে। এ ব্যাপারে তাকে (প্রধানমন্ত্রীর পুত্রবধূ) ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু আমরা এমনটা চাই না। শুধু বলবো, কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছুঁড়বেন না।

তিনি আরো বলেন, ‘কোনো প্রতিবেশি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল না। শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের ভাল সম্পর্ক আছে। কী কারণে সম্পর্ক আছে, তা সবাই জানেন। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। বাংলাদেশের কিছু দালালের কারণে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি। এ সরকার আমাদের অধিকার রক্ষায় কাজ করবে না। কারণ, তারা অনির্বাচিত সরকার। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই।’

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা ও জাগপার সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন প্রমুখ।

এমই/এমআইএস