বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে জ্বালাও-পোড়াও করলে জনগণ তাদের বিচার করবেবলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
রাজনীতির মাঠ অশান্ত হয়ে গেলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, মাঠ অশান্ত হবে না। কারণ, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী শেখ হাসিনার নেতৃত্বে। পূর্বের ন্যায় জ্বালাও-পোড়াও করে তাহলে জনগণ তাদের বিচার করবে।
এসময় আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চেয়েছেন বলে জানান তিনি।
এর আগে সকাল ৭টা থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। আওয়ামী যুবলীগের পক্ষে শ্রদ্ধা জানান দলটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এছাড়া ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, জাতীয় গণতান্ত্রিক দল, জাতীয় পার্টি-জেপি, জাতীয় যুব সংহতিও শ্রদ্ধা জ্ঞাপন করে। এছাড়া তিন নেতার মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক দল।
এমএম





