দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার বিচারাধীন মামলার আদালত কারাগারে স্থানান্তরের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে শনিবার (০৮ সেপ্টেম্বর) প্রতিবাদ সমাবেশ পালনের কর্মসূচী ঘোষণা দেয় বিএনপি।  

তারই অংশ হিসেবে আজ (০৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে। মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়।  

গত বুধবার (০৫ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। ঢাকাসহ সারা দেশে মহানগর জেলা সদরে এই কর্মসূচি পালন করা হবে।   

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আরো দুই দিনের কর্মসূচি রয়েছে বিএনপির। এই দুই দিনের কর্মসূচি হচ্ছে- সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ১২ সেপ্টেম্বর (বুধবার) দুই ঘণ্টার প্রতীকী অনশন। ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গন অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিএনপি।  

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অর্থদণ্ডও করা হয়। রায়ের পর থেকে একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন। 

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ৬ মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এরআগে গত ২১ এবং ২৪ আগস্ট রাজধানীর শ্যামলী এবং বনানীতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এমবি