চায়ের দোকানের বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় পুরাতন ফোকলোর মাঠে (ইবলিশ চত্তর) নির্মলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সভাপতি গ্রুপের ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান তার বান্ধবীকে নিয়ে নির্মলের চায়ের দোকানে বসেছিল। এসময় ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফারুক সেখানে গিয়ে ফাঁকা বেঞ্চ দেখতে পেয়ে বসতে চাইলে মেহেদী বাধা দেয়।

এই নিয়ে ফারুক তাকে উপর্যুপুরি কিল-ঘুষি মারে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রঞ্জু মীমাংসার জন্য আসে। সেখানে পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহসহ আরো ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটানস্থলে আসলে উত্তেজনা আরো বেশী হয়। এতে বিষয়টি অমীমাংসিত থেকে যায়।

এ বিষয়ে রঞ্জুর নিকট জানতে চাইলে তিনি টাইম নিউজ বিডি.কমকে কে বলেন, মেহেদীর পাশে ফাকা বেঞ্চ দেখে ফারুক বসতে চাইলে সেটি দিতে সে অস্বীকার করে। এক পর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। খবর শুনে আমি সেখানে উপস্থিত হলে সেখানে মেহেদী আমার বুকে পিস্তুল তাক করে।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বেঞ্চে বসা নিয়ে ছাত্রলীগের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে ছাত্রলীগের সভাপতি ও অন্যান্য নেতাকর্মীরা এসে বিষয়টি মীমাংসার জন্য রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসায় গেছে বলে জানান তিনি।

এআই/