বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে আর কখনো ১৯৭৫ এর মতো পরিস্থিতি সৃষ্টি হবে না। আর যদি ৭৫ এর পুনরাবৃত্তি হয় তার দায় আওয়ামী লীগকেই নিতে হবে।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ৭৫ এর পরিস্থিতি ফের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তার বক্তব্যের জবাব দিতে গিয়ে এই কথা বলেন রফিকুল ইসলাম।
এছাড়া দেশে চলমান গুম-হত্যা-খুন নিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন না হওয়ায় এবং জনগণের প্রত্যাশিত সরকার না থাকায় দেশে গুম-খুন-হত্যা বেড়ে গেছে। এজন্য এককভাবে প্রধানমন্ত্রী দায়ী।
স্বাধীনতা ফোরম সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লার সভাপতিত্বে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।    
ঢাকা, ৮জুন (টাইমনিউজবিডি) //জেডআই