আজ শেষ হচ্ছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘন্টার পর ৩৬ ঘন্টার হরতাল। সারাদেশে মিছিল-পিকেটিংয়ের মাধ্যমে শেষ হল টানা ৫ দিনের হরতালের শেষ দিন। পুলিশ হরতালে নাশকতা রোধ করার জন্য সারাদেশে চালাচ্ছে বিশেষ অভিযান।
সারাদেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে নিচে সকল মিছির-পিকেটিং তুলে ধরা হল:
হরতালে ঢাকা কলেজ শিবিরের মিছিল:
২০ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতালের সর্মথনে মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্র শিবির। আজ সকাল সাড়ে ৭টায় গ্রীনরোড এলাকায় তারা মিছিলটি বের করে।
ঢাকা কলেজ শাখা সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি গ্রীনরোড হয়ে পান্থপথ সিগনালে এসে শেষ হয়। মিছিল থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং আটককৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করা হয়।
তেজগাঁওয়ে শিবিরের মিছিল:
রাজধানীর তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী কলেজ সম্পাদক ও মহানগরী ফাউন্ডেশন সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও কলেজ সংলগ্ন ইন্দিরা রোডে এই মিছিল ও পিকেটিং করে শিবির নেতাকর্মীরা। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টাও চালায়।
রাজধানীতে জামায়াত-বিএনপির ৭৬ কর্মী আটক:
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়াদের মধ্যে ৫১ জন জামায়াত-শিবিরের ও ২৫ জন বিএনপি কর্মী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
টঙ্গীতে শিবিরের মিছিল, আটক ৮:
২০ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতালের শেষ দিনে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। বৃহস্পতিবার সকাল ৮ টায় টঙ্গীতে মিছিল করে শিবির।
গাজীপুর মহানগর শিবির সভাপতি ফুয়াদ হাসানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন, মেহরাব হোসেন, আরিফ রব্বানি, মোকাদ্দেস হোসেন প্রমূখ।
এদিকে নাশকতার অভিযোগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে পুলিশ।
খুলনায় জামায়াত-শিবিরের মিছিল:
বৃহস্পতিবার সকালে নগরীর দৌলতপুরে মহানগরী শিবির নেতা হাদিসূর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় মিছিল ও পিকেটিং করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
এদিকে, সকাল সোয়া সাতটায় নগরীর মিয়াপাড়ায় সদর থানা জামায়াতের আমীর মোঃ ওয়ালিউল্লার নেতৃত্বে মিছিল বের করে। সকাল সাতটায় নগরীর সোনাডাঙ্গায় থানা জামায়াতের নেতৃবৃন্দ একটি মিছিল বের করে।
এছাড়া, সকাল সাড়ে সাতটায় নগরীর খালিশপুরে থানা জামায়াতের উদ্যোগে একটি মিছিল বের করা হয়।
কুষ্টিয়ায় শিবিরের মিছিল, আটক ২:
হরতালের সমর্থনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৭ টায় পৌর পূর্ব থানা সভাপতি আব্দুল্লাহর নেতৃত্বে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পেট্রোল পাম্পের কাছে এসে শেষ হয়। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে।
মিছিল শেষে ফেরার পথে শিবিরের ২ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় কুষ্টিয়া সদর থানা পুলিশ।
চবিতে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল:
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে বিক্ষোভ মিছিল করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় হঠাৎ পুলিশ তাদেরকে ধাওয়া দিলে ছাত্রদলের ২ কর্মী আহত হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কে আলম ও আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মিছিলটি হয়।
ইআর





