বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পালন করবে বিএনপি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি চলবে।
আজ (মুঙ্গলবার) রাত সাড়ে ৮ টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অনশন কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান।
ঢাকা মেট্রো পলিটন পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হোসেন সর্দার জানান, বিএনপি তাদের অনশন করার জন্য ডিএমপিতে আবেদন করেছিল। পরে আগামীকাল সাকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনের মৌখিক অনুমতি দেয়া হয়েছে।
অন্যদিকে একই স্থানে বেলা ১১ টায় মহিলা আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকারবকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে তিনি সেখানেই আছেন।
বিএনপি চেয়ারপারসনকে সাজার দেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে দুই দফায় ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে বুধবার অনশন কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ বেগমের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনস্থ বাংলাদেশ দুতাবাসে তারেক জিয়ার নির্দেশে বিএনপি কর্তৃক হামলা, ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল (বুধবার) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, জাহাঙ্গীর কবির নানক, নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দ্রিরা, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ। এ প্রতিবার সভায় সভাপতিত্ব করবেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন।
এমবি





