জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, ’৫২-র ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য ছিল না, বরং এই আন্দোলন স্বাধিকার চেতনার জোড়ালো ভিত্তি দিয়েছিল। ফলে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম।
কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, দীর্ঘ কালের পরিক্রমায় আজও আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, বাক-স্বাধীনতার অধিকার ফিরে পাইনি। শাসকগোষ্ঠীর অহমিকা ও ক্ষমতাকেন্দ্রিক অপরাজনীতির কারণে ভাষা শহীদদের যথার্থভাবে মূল্যায়ন করা হয়নি। তিনি ভাষা শহীদদের পরম শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান ২১ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবীরের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রমনা থানা সেক্রেটারি আতাউর রহমান সরকার, জামায়াত নেতা রুহুল আমীন ও আখতার হোসাইন প্রমূখ।
ড. করিম বলেন, ১৯৪৮ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তমদ্দুন মজলিস এ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। অধ্যাপক গোলাম আযম ছিলেন এ আন্দোলনের অগ্রসৈনিক। তিনি ভাষার দাবিতে মানপত্রও পাঠ করেছিলেন। তিনি ডাকসুর নির্বাচিত জি এস থাকলেও রাজনৈতিক সংকীর্ণতার কারণে ডাকসুর নাম ফলক থেকে তার নাম মুছে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যায়, অবিচার, অপরাজনীতি ও বৈষম্যের পরিবর্তে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা। ভাষা আন্দোলনের পথ ধরে মরণপন মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করলেও চার দশক পরেও স্বাধীনতার সুফল আজও আমাদের কাছে অধরায় রয়ে গেছে। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে চালানো হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকান্ড।
বিরোধী দলগুলোর উপর চালানো হচ্ছে গণগ্রেফতার ও নিমর্ম নির্যাতন। স্বাধীনতা ও ভাষা আন্দোলনের দূর্বার চেতনা আজ ফ্যাসিবাদের কালো থাবায় জর্জরিত। তাই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি ২১ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ফ্যাসীবাদ মুক্ত গণতান্ত্রিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
জেড





