সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছিল। এর মাধ্যমে সমাজের সব স্তরের বৈষম্য দূর করে নাগরিকদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল।

তিনি অভিযোগ করেন, বিপ্লব-পরবর্তী বাংলাদেশে পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা দেখা যাচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণ অব্যাহত থাকলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গড়ে তুললে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সমাজ থেকে অন্যায়, অনাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করা প্রয়োজন।

চিকিৎসকদের উদ্দেশে তিনি মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ভূমিকার প্রশংসা করেন।

তিনি দাবি করেন, আন্দোলনের সময় ন্যাশনাল ডক্টরস ফোরামের চিকিৎসকেরা নিজেদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। এ কারণে অনেক চিকিৎসক তৎকালীন সরকারের নানা ধরনের হয়রানি ও বদলির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এনডিএফের চিকিৎসকেরা মানবতার সেবায় কাজ করেছেন। তার মতে, এটি মহানবী (সা.)-এর মানবতার আদর্শেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, রাসুলের (সা.) আদর্শ থেকে বিচ্যুত হলে সমাজে অশান্তি তৈরি হয়। ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করে এ লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মো. নুর উদ্দিন তালুকদারের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে ইসলামী ভাবধারার বিভিন্ন পরিবেশনা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর আদর্শ অনুসরণ এবং নৈতিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

সম্মেলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

এস