চট্টগ্রামে বন্যা উপদ্রুত এলাকায় অবিলম্বে ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি, উপদ্রুত জনগণের পাশে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের আরো বেশী করে দাঁড়ানোর জন্য আহবান জানান ।

শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এসব কথা বলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “দেশের চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে অতি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ সহস্রাধিক মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি-এসব অঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় অধিকাংশ উপজেলাগুলো জেলা শহর থেকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই নেতা বলেন, এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানী, খাবার ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন জেনে আমরা উদ্বিগ্ন। বন্যা আক্রান্ত বৃহত্তর চট্টগ্রামের উপদ্রুত মানুষদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ তৎপরতা পরিলক্ষিত না হওয়াটা দু:খজনক।

রিপন বলেন, অনতিবিলম্বে দূর্গত মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানী ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে ইতিমধ্যেই এই সমস্ত দূর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে।

তিনি উপদ্রুত জনগণের পাশে আরো বেশী করে দাঁড়ানোর জন্য বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের আহবান জানান।”

জেআই