বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বিকেল ৩টায় গুলশান ২ থেকে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে।

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

অন্যদিকে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের এক দফা যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ।

পরের দিন শনিবার সারাদেশে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে পদযাত্রার কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে।

নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগের যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফা দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গণফোরাম চত্বরে গণমিছিল কর্মসূচি পালন করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

এমবি