শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে অনেক দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই উন্নয়ন কর্মকাণ্ড বিশ্বে প্রশংশিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। প্রতিটি ইউনিয়নে চালু করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। যার কারণে মানুষ সকল সেবা পাচ্ছে অনায়াসে।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম, উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ।
এর আগে মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোহরদী উপজেলায় ২৫টি প্রাথকি বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধন করেন।
উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের জেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী প্রমুখ।
এবিএস





