জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে নিয়ম ভঙ্গ করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব মিলিয়ে রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু এই নির্বাচন কমিশনের ওপর এখনো আস্থা আনার মত তেমন কিছু হয়েছে বলে বিএনপি মনে করে না।

আজ (শুক্রবার) দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রণালীই হচ্ছে ভুল। দেশের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে, যাদের প্রতি সকলের আস্থা আছে তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছিলাম। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংগঠন, কাউকে তুষ্ট করার তার প্রয়োজন নেই। কারণ তারা যখন যে দলের সাথে কথা বলেছেন, তখন তাকেই সন্তুষ্ট করেছেন।

দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নাই বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না হলে আবারও সেই ২০১৪ মত জোর করে নির্বাচন হবে। জোর করে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ সে নির্বাচন মেনে নিবে না এবং রাজনৈতিক সংকট নিরসন হবে না।

এসময় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন মোস্তফা।

১৯৩ কেন্দ্রের মধ্যে জাতীয় পার্টির এ প্রার্থী পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট।

বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা হাতপাখা মার্কায় ২৪ হাজার ৬ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। আবদুল কুদ্দুস মই মার্কায় পেয়েছেন ১ হাজার ২৬২ ভোট।

নির্বাচনে মোট সাত মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এমবি