কোন পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় ময়মনসিংহের টাউন হল মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমরা যারা রাজনীতি করি তাদেরকেই একসঙ্গে বসে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে। জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহ-সভাপতি ইউনুস আলী মন্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সংসদের বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, হুইপ ফকরুল ইমাম এমপি, এম.এ.হান্নান এমপি, সালাহউদ্দিন মুক্তি এমপি, এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম প্রমুখ।
এছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, নুরুল ইসলাম ওমর এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি উপস্থিত ছিলেন।
সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্যই জাপা নির্বাচনে গেছে জানিয়ে রওশন এরশাদ বলেন, আমরা সংসদে বিরোধী দল। আমরা সংসদ বর্জন করবো না। সরকার ও বিরোধী দল একসঙ্গে বসে সংসদে আলোচনা করলে সব সমস্যার সমাধান হবে।
ময়মনসিংহে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ব্রহ্মপুত্র নদ খনন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের প্রতিশ্রতি দেন রওশন এরশাদ।
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীও ময়মনসিংহবাসীর এ দাবির প্রতি আন্তরিক। তিনিও চান ময়মনসিংহ বিভাগ হউক। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]