বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে ছাত্রলীগ। বেছে বেছে আন্দোলনে নেতৃত্বদানকারীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। আমরা ইতোপূর্বে বলেছিলাম-শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়াটা ছিল প্রধানমন্ত্রীর তামাশা।

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ছাত্রলীগের মন শেখ হাসিনার প্রতিহিংসার রঙে-রাঙানো। এই সময়ের ছাত্রলীগ প্রকৃত কোনো ছাত্র সংগঠন নয়, এটি প্রধানমন্ত্রীর ভাড়াটিয়া বাহিনী। এদের মধ্যে নেই জ্ঞানের আলো, শিক্ষার আদর্শ, সহমর্মিতা ও সহিষ্ণুতা। প্রতিবাদের আওয়াজকে গুঁড়িয়ে দিতেই গুণ্ডামির চেতনায় এদেরকে তৈরি করা হয়েছে।

ইউনাইটেড হাসপাতাল খালেদা জিয়ার চিকিৎসা দাবির কথা উল্লেখ করে রিজভী বলেন, সরকার মুক ও বধির হয়ে আছে। ইউনাইটেড হাসপাতালে দেশনেত্রীকে সুচিকিৎসা না দিতে সরকার মনে হয় শপথ নিয়েছে। ক্রমাগত কষ্ট দিয়ে তার জীবনকে বিপন্ন ও বিপর্যস্ত করা হচ্ছে। আমরা আবারো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বেগম জিয়ার প্রতি এই অন্যায় বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, বারবার বলা হয়েছে প্রোস্টিটিক কমপেটিবল এমআরআই মেশিন, উন্নত মানের সিটি স্ক্যান, ডেক্সা স্ক্যান ফর বিএমডি (বনমেরু ডেনসিটি) টেস্ট, নার্ভ কন্ডাকশন স্টাডি ফ্যাসিলিটিজ, ইএমজি যা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জরুরি সেগুলোর সুবিধা থাকায় আমরা ও তার স্বজনরা ইউনাইটেড হাসপাতালের চিকিৎসার কথা বলেছি।

এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন প্রমুখ উপস্থিত ছিলেন।