বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা রাজপথে নামতে চাই না, চাই সংসদেই সবকিছুর সমাধান হোক। কিন্তু সরকার যদি আমাদের বাধ্য করে, তাহলে রাজপথই হবে চূড়ান্ত জায়গা। কারণ প্রেম তো একতরফা হয় না।”
সীমান্তে ‘পুশইন’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সংসদে একজন এমপি নোটিশ দিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাকে তা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এতে স্পষ্ট হয়, কোথা থেকে কী হচ্ছে। তিনি আরও বলেন, “কেউ আমাদের ওপর দাদাগিরি করে আধিপত্যবাদের সেবাদাস বানাবে—এটি আমরা চাই না।”
বিভাগীয় সমাবেশগুলো শেষ হওয়ার পর ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন, আওয়ামী লীগ আমলে দলীয়করণের নানা নজির দেখা গেছে। তবে বর্তমানে স্থানীয় সরকার বিভাগের নিয়ম উপেক্ষা করে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে আরও বেশি দলীয়করণ করা হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, “এখন মনে হয় বিএনপির স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ না হয়ে ‘সবার আগে বিএনপি’ হওয়া উচিত।”
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আয়োজিত ২০ জুনের সমাবেশে বিপুল জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১১ দলের নিজস্ব স্বেচ্ছাসেবক কাজ করবে। সমাবেশস্থল ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২৫০ থেকে ৩০০টি হর্ন স্থাপন করা হবে, যাতে দূরবর্তী মানুষও বক্তব্য শুনতে পারেন। বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত যানবাহন নির্ধারিত স্থানে রাখার জন্যও সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোবারক হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং শেষে মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা নগরীতে সমাবেশের লিফলেট বিতরণ করেন এবং পরে সার্কিট হাউজ মাঠে নির্মাণাধীন মঞ্চ পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০ জুন অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলাম, কর্ণেল (অব.) অলি আহমদ, মামুনুল হক, মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন মিয়া গোলাম পরওয়ার।
এস