ঈদের দিনও বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান এ তথ্য জানিয়ে বলেন, ঈদুল আজহার দিনও আমাদের ত্রাণ কার্যক্রম চলবে। দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আমার আবেদন, যারা কোরবানি দেবেন তারা ধর্মীয় নিয়মে আপনাদের ভাগের অংশ বানভাসিদের মধ্যে বিতরণ করুন। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন।
আজ বুধবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আবেদন জানান।
নোমান বলেন, বন্যার্তদের জন্য শিগগিরই পুনর্বাসন প্রকল্প শুরু করবে বিএনপি। আমরা বিনাশ্রমে কিছু কিছু এলাকায় ভেঙে যাওয়া রাস্তাঘাট চিহ্নিত করে তা সংস্কার করব। ঘরবাড়ি নির্মাণেও সহযোগিতা করব। এছাড়া বানভাসিদের হাঁস-মুরগি দেব। কৃষকদের জন্য ধানের বীজ সরবরাহ করব।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সরকারের ত্রাণ সামগ্রী বিতরণে দৃশ্যমান কোন উন্নতি নেই। সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় না বানভাসি মানুষের জন্য তাদের কোন দায়বদ্ধতা আছে। কারণ কোন জায়গায় আমরা সরকারকে ত্রাণ বিতরণে দেখিনি। উল্টো সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন অনেক চাঁদা তুলেছে। প্রতিদিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা নিচ্ছে। কিন্তু বানভাসিদের জন্য সে টাকার ব্যবহার দেখা যাচ্ছে না।
সংবাদ ব্রিফিংয়ের পর গাজীপুরের কালিগঞ্জ থেকে নাম প্রকাশ না করার শর্তে একজনের দেয়া নগদ একলাখ টাকা বিএনপির ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারীর হাতে তুলে দেন দরের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
এমবি





