আওয়ামী লীগ কারো কাছ থেকে ভিক্ষা নেয় না, বিভিন্ন দেশকে ভিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ (শনিবার) বিকেলে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে ধোপাডাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। বোয়ালমারীর উপজেলার চাঁদপুর ইউনিয়ন ফরিদপুর সদরের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমবায়মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা নিতে পছন্দ করে। আর আওয়ামী লীগ কারো কাছ থেকে ভিক্ষা নেয় না, বিভিন্ন দেশকে ভিক্ষা দেয়। আওয়ামী লীগ এখন দু-হাত ভরে অনেক দেশকেই সাহায্য করে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আগামী বছরের ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে সেই নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে ভোট দেওয়ার মতো ভুল আর করা যাবে না। বিএনপিকে ক্ষমতায় আনলে দেশ পিছিয়ে পড়বে।
চাঁদপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, আজ থেকে চাঁদপুরের উন্নয়ন হবে আশানুরূপ। আগামী চার মাসের মধ্যে চাঁদপুরে ২১ কোটি টাকার রাস্তার কাজ হবে। প্রত্যেক ঘরে বিদ্যুৎ যাবে বলেও তিনি এ জনসভায় ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও মানি প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।
এমবি





