বিএনপি অভিযোগ করে বলেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের কর্মী-সমর্থকরা যাতে ভোট দিতে না পারে সেজন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী সন্ত্রাসী ও স্থানীয় পুলিশ সদস্যরা ভয়ভীতি দেখাচ্ছে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী অভিযোগ করেন, বিএনপি সম্পর্কে জনমনে বিভ্রান্তি ছড়াতে সরকারপ্রধান বিএনপিকে নিয়ে মনগড়া মিথ্যাচার করছেন।

জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি সরকারের কোনো দায়িত্ব নেই। জনগণ এবার ভোটবিহীন নির্বাচন রুখে দিতে প্রস্তুত।

রিজভী বলেন, ‘বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে সেজন্য বাড়িতে বাড়িতে আওয়ামী সন্ত্রাসী ও স্থানীয় পুলিশ ভয়ভীতি প্রদর্শন করছে।’ অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থীকে প্রচার-প্রচারণায় বাধার সৃষ্টি করা হলেও শাসকদল, তাদের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও সেক্ষেত্রে পুলিশ ও প্র্রশাসন সম্পূর্ণ নির্বিকার রয়েছে।’

সংবাদ সম্মেলনে দ্বিতীয় শ্রেণির প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা জাতির জন্য কলঙ্কজনক বলেও মন্তব্য করা হয়।

আগামী ২১ ডিসেম্বর এই সিটি করপোরেশনের নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট সাতজন মেয়র পদপ্রার্থীসহ মোট ২৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদপ্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টির বিদ্রোহী) জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী সেলিম আখতার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল কুদ্দুস ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা।

এএস