বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতেমা আমিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (১২ এপ্রিল) জামায়াতের আমির(ভারপ্রাপ্ত) ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এই শোক প্রকাশ করেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত এক শোকবাণীতে এই তথ্য জানানো হয়।  

শোকবাণীতে জামায়াত আমির বলেন, “ফাতেমা আমিনের জীবনের নেক আমলসমূহ কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।”

মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”

মরহুমা ফাতিমা আমিন বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ফুসফুস, কিডনি’সহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

গত মঙ্গলবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ।

মরহুমা ফাতিমা আমিনের প্রথম নামাজে জানাজা আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া, শুক্রবার বাদ আছর ঠাকুরগাঁও হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমবি