মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে সফল। তাই মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা উচিত নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মোহনী নেতৃত্বের অধিকারী ছিলেন। মানুষ বঙ্গবন্ধুর কথায় আকৃষ্ট হতো। এ জন্য পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী জনসাধারণকে বঙ্গবন্ধুর কথা না শোনার জন্য অপপ্রয়াস চালিয়েছে। বঙ্গবন্ধু মানুষের জন্য রাজনীতি করেছেন। মানুষের জন্য মায়া-মমতা ও ত্যাগ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুতে পরিণত করেছে।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কর্মকমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাবেক ভিপি এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

কেএইচ