আই এস আইয়ের সহযোগিতায় বিএনপি নেত্রী খালেদা জিয়া বিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার  দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ নাগরিক সেবা (বিএনএস) আয়োজিত“সাম্প্রদায়িকতা অপশক্তি নির্মূল করার প্রত্যয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি  নেত্রী খালেদা জিয়া দুপুর ১২ টার আগে ঘুম থেকে উঠেননা অথচ ২০০৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি সকাল ৮ টায় ঘুম থেকে উঠে অজানা গন্তব্য  চলে গিয়েছিলেন। এতেই প্রমাণিত হয় বিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন।
গতকাল বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়াসহ এর পিছনে যারা কলকাঠি নেড়েছেন তাদের সকলের বিচার করা  হবে।
ইতিমধ্যেই শিবির জঙ্গি সংগঠন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তাই বিদেশী বন্ধুদের তাদের (শিবির) সংস্পর্শে না আসারও আহ্বান জানান হাছান মাহমুদ।
বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্যরা  খালেদা ও তারেক ছাড়া সবাই অস্থায়ী সদস্য বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এ মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা হারলেও সরকার জিতেছে। কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন অবাধ , সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা  সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি  ফয়েজ উদ্দিন মিয়া, সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি তারানা হালিম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]