দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের ফ্রি চিকিৎসা ও ভর্তুকির ব্যব্স্থার দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে ডেঙ্গু, বন্যা, এবং খালেদা জিয়ার স্বাস্থ্য ও মুক্তির বিষয়ে আলোচনা করেন নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডেঙ্গু আক্রান্ত মানুষদের অনলাইনে পরামর্শ দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
বৈঠক লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নির্ধারিত ডেঙ্গু পরীক্ষায় যে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু তাতে তিনটি পরীক্ষা করতে এমনিতেই ১৫০০ টাকা চলে যায়। তাই এই চিকিৎসায় ভর্তুকির ব্যবস্থা করা হোক এবং সিটি করেপােশনের কমিউনিটি সেন্টারগুলোতে ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার প্রস্তাব করছি।’
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশের মানুষ ডেঙ্গু নিয়ে অনেক বিপাকে। আর সরকার এটা নিয়ে লেজে গোবরে পরিস্থিতি তৈরি করেছে। সিটি করপোরেশন বলছে এক কথা, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আরেক কথা। কিন্তু কাজের বেলায় কিছুই হচ্ছে না। ডেঙ্গু আক্রান্তরা নিজ উদ্যোগেই চিকিৎসা করাচ্ছে। সরকার এতে কোন ভূমিকা রাখছে না।
তিনি বলেন, ‘এতো টাকা বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে পারে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শত কোটি টাকা পর্যন্ত জমা হয়। দেখা যায় তাদের বিভিন্ন ব্যক্তির পছন্দের জন্য কোটি টাকা চলে যায়। তাই রাষ্ট্রের মানুষ যখন বিপদে পড়েছেন, তাই তাদের জন্য এই অর্থ ব্যয় করা জরুরি বলে মনে করি। এবং সরকারের উচিত হবে, আরও ফান্ডিং করে মানুষে জন্য বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা।’
সরকার ও সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘সিটি করপোরেশনের যে কমিউনিটি সেন্টার গুলো আছে, সেগুলোকে তারা ব্যবহার করতে পারে রোগীদের বাড়তি সুবিধা দেয়ার জন্য। এটা মেডিক্যাল ক্যাম্প হিসেবে ব্যবহার করা ব্যবস্থা করা যেতে পারে।’
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
এএস





