বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হুকুম দিয়ে ও ইস্যু তৈরী করে আন্দোলন হয় না। জনগণের স্বতফূর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে আন্দোলন হয়।

তিনি বলেন, একমাত্র আপনি (খালেদা জিয়া) ছাড়া বাংলাদেশের কেউ আন্দোলন চায় না। এমনকি আপনার দলের নেতাকর্মীরাও আন্দোলন চায় না। কারণ তারা জানে আপনার আন্দোলন মানে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা।

শুক্রবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসার ৮৪তম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেত্রী বার বার বলছে ঈদের পর আন্দোলন করবে। কিন্তু ঈদ চলে গেলেও তার আন্দোলনের কোন চিহ্ন দেখছি না। ঈদ আসবে যাবে। কিন্তু খালেদা জিয়ার আন্দোলনের ঈদ কোন দিন আসবে না।

নির্বাচন ছাড়া দল গোছানো সম্ভব নয় উল্লেখ করে নাসিম বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। শুধু ৮৮ নির্বাচন ছাড়া। তাই সকল প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগ নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ গ্রহণ না করে বিএনপি নেত্রী হেরে গেছে। এখন যত কথাই বলেন ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। নির্বাচনী ট্রেন তার গন্তব্যে পৌঁছে গেছে। তা আর ফিরে আসবে না। ৫ বছর পর সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

তিনি বলেন, দেশের জনগণ এখন ভালো আছে। তারা নির্বাচন চায় না। একমাত্র আপনিই শুধু (খালেদা জিয়া) নির্বাচন চাইছেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, এমআর, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর