বিরোধী দলের নেতাকর্মীদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে জঙ্গী শাসনের নামান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দেশে সুশাসন থাকবে কি না বিচার বিভাগ থাকবে কি না, না দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী অতি উৎসাহি সদস্যদের হাতে মানুষ হত্যা করা হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সরকারের কড়া সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের যেভাবে বিচারবহির্ভূতভাবে হত্যা ও গুম করা হচ্ছে যা তৎকালীন পাকিস্থান সরকারের আচরণকেও হার মানিয়েছে। আমরা আশা  করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তান সরকারের সেই পথ অনুসরণ করবে না।
তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামকে আটকের পর যৌথ বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার গঠনার বিবরণ তুলে ধরে বলেন, ২৮ জানুয়ারি বিকালে জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় তৌহিদুল ইসলামসহ ছাত্রদল নেতা ফয়সালকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ আটক করে। এরপর থেকে তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবেই সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর জেনারেল হাসপাতালে তার গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।
মাহবুব হোসেন খোকন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে এই হত্যাকান্ডের সাথে জড়িত নোয়াখালী জেলার পুলিশ সুপারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট আবেদন জানান।
এছাড়াও সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের যৌথবাহিনীর অভিযানে যেভাবে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে দেশের মানবাধিকার সংস্থাসহ জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম প্রমুখ। [b]
ঢাকা, এমএইচ, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]