আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে; আমরা কিন্তু তার সমুচিত জবাব দিয়ে দেব।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি স্পষ্ট বলে দিচ্ছি- বিএনপি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়, আন্দোলনের নামে সহিংসতা করে; তবে জবাব দেয়া হবে। আন্দোলনের নামে সহিংসতা হলে পরিষ্কারভাবে বলতে চাই– আমরা কিন্তু তার সমুচিত জবাব দিয়ে দেব।

কাদের বলেন, বিএনপি সব কিছুতে ব্যর্থ। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখাত হয়েছে। তারা ভোটে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। এখন বিদেশিদের কাছে নালিশ করে বেড়ায়। তারা ‘বাংলাদেশ নালিশ পার্টি’তে পরিণত হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আইন মানে না, বিচার মানে না। আদালতও তাদের কাছ থেকে নিরাপদ নয়।

আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের ভাঙচুরের নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য, আদালতের ওপর চাপ সৃষ্টি করতে, আদালত প্রাঙ্গণে ভাঙচুর করেছে, পুলিশের ওপর হামলা করেছে, ইটপাটকেল ছুড়েছে। এ অবস্থায় বিএনপি যদি কখনও ক্ষমতায় আসে তা হলে পরিণতি কী হবে সেটি সহজেই বুঝতে পারা যায়। তাদের কাছে আইনের শাসন, বিচারব্যবস্থা ও আদালত নিরাপদ নয়।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, চক্রান্ত এখনও চলমান আছে। শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে। আপনাদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

এমবি