পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহ্র ইবাদত কর এবং তাগুতকে বর্জন কর। অতঃপর তাদের কিছু সংখ্যককে আল্লাহ্ হিদায়াত দিয়েছেন আর তাদের কিছু সংখ্যকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়েছিল; কাজেই তোমরা যমীনে পরিভ্রমণ কর অতঃপর দেখে নাও মিথ্যারোপকারীদের পরিণাম কী হয়েছে। (সূরা নাহল, আয়াত: ৩৬)
অপর আয়াতে আল্লাহ তায়ালা আরও বলেছেন, হে আমাদের রব! আর আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসূল পাঠান, যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করবেন; তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়’। (সূরা বাকারা, আয়াত: ১২৯)
সব নবী কি আরব ছিলেন?
অনেক নবী আরব অঞ্চলের ছিলেন। তাই অনেকের মনে ধারণা হতে পারে প্রায় সব নবীই সম্ভবত আরব বা আরবি ভাষী ছিলেন। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, এমন কোনো জাতি ছিল না যাদের কাছে কোনো নবী বা সতর্ককারী পাঠানো হয়নি। আল্লাহ তাযালা বলেন, প্রত্যেক জাতির মধ্যেই অতীতে একজন সতর্ককারী এসেছেন। (সুরা ফাতির, আয়াত: ২৪)
অন্য আয়াতে বর্ণিত হয়েছে, প্রত্যেক জাতির জন্য একজন পথপ্রদর্শক রয়েছেন। (সুরা রাদ, আয়াত: ৭)
আল্লাহ আরও বলেন, আমি আপনার আগে অনেক রাসুল পাঠিয়েছি। তাদের মধ্যে কারও কাহিনি আমি আপনার কাছে বর্ণনা করেছি এবং কারও কাহিনি বর্ণনা করিনি। (সুরা গাফির, আয়াত: ৭৮)
উপরের আয়াতগুলো থেকে স্পষ্ট হয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে বিভিন্ন সময়ে নবী-রাসুল পাঠানো হয়েছে। তারা শুধু আরব অঞ্চলে আসেননি।
তবে কারো কারো মনের এমন ধারণার কারণ হলো, কোরআনে যে ২৫জন নবীর কথা উল্লেখ করা হয়েছে, তাদের অধিকাংশই এমন একটি অঞ্চলে এসেছেন, যার মধ্যে আরব উপদ্বীপ ও এর আশপাশের এলাকা অন্তর্ভুক্ত।
কোরআনে বর্ণিত এ ২৫ জন নবীর মধ্যে শুধু ৪জন নবী আরবের। হজরত আবু জর গিফারী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, চারজন আরবের। তারা হলেন, হজরত হুদ (আ.), হজরত শুয়াইব (আ.), হজরত সালেহ (আ.), এবং তোমাদের নবী মুহাম্মদ (সা.)। (সহীহ ইবনে হিব্বান, হাদিস: ৩৬১)
এর বাইরে বাকী নবীগণ মিশর, সিরিয়া, ফিলিস্তিন, লেবাননসহ পৃথিবীর অন্যান্য অঞ্চলের ছিলেন। যেমন, আদম (আ.) এবং হজরত ইবরাহীম (আ.) ভারতেও আগমন করেছিলেন।
তাই সব নবী শুধু আরবে আগমণ করেছেন এমন ধারণা সঠিক নয়।
এমএম











